Published : 06 Feb 2026, 10:44 PM
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যমুনায় অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘অদম্য ২৪’ ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীদের ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘বিচার চাই, পুলিশি হামলার বিচার চাই’, ‘আমার ভাইকে মারল কেন, ইন্টারিম জবাব দে’, ‘জাবেরের উপর হামলা কেন, ইন্টারিম জবাব দে’, ‘পুলিশের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’- ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাদী হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে গেলে পুলিশ হামলা চালায়। তারা এ ঘটনাকে ‘বর্বরোচিত’ মন্তব্য করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, “নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে ব্যস্ত থাকলেও হাদী ভাইয়ের বিচার প্রলম্বিত করা হচ্ছে। ইনকিলাব মঞ্চ যমুনা ঘেরাও করলে রাষ্ট্রীয় বাহিনী তাদের ওপর হামলা চালায় এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবের ভাইকে গুলিবিদ্ধ করে।”
তিনি বলেন, “৫ অগাস্ট পরবর্তী সময়ে বিচারহীনতার সংস্কৃতি দূর করার প্রত্যাশা ছিল। শক্ত উদাহরণ তৈরি না হলে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে।”
সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “যমুনায় অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাই।”
হাদী হত্যা মামলার অভিযোগপত্রে ‘মূল পরিকল্পনাকারীদের’ নাম নেই দাবি করে তিনি বলেন, “সুষ্ঠু বিচার নিশ্চিতে আন্তর্জাতিক মানের তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।”
সমাবেশ শেষে বক্তারা দ্রুত বিচার ও হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।