Published : 15 Apr 2026, 08:32 PM
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার সময় বাবাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন নিহতের বড় ছেলে।
বুধবার দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না।
নিহত আকল মিয়া (৮৮) ওই এলাকার বাসিন্দা। আহত শহিদুর মিয়া (৪৫) তার বড় ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছেলে মশিকুর রহমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় মশিকুর ছুরি দিয়ে তার বাবার ডান পাঁজরের নিচে আঘাত করেন। বড় ছেলে শহিদুর এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জহিরুল বলেন, ঘটনার সময় মশিকুর তার দুই মেয়েকে গালিগালাজ করছিলেন। এতে বাধা দিতে গেলে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রায় দুই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে মশিকুরকে আটক করে পুলিশ। এ ছাড়া হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।