২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে শিশু নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে লাশ উদ্ধার

শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 12:28 AM

Updated : 19 Sep 2026, 02:27 PM

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজের আট ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত ৮টায় উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের একটি গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন জানান। 

নিহত শিশুটির বয়স ছিল ছয় বছর। 

স্বজনদের বরাতে পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবার ও আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করেন। একপর্যায়ে রাতে প্রতিবেশীর বাড়ির একটি টিউবয়েলের পাশের গর্তের পানিতে তার মরদেহ ভেসে ওঠে।

শিশুটির মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পেছনে কোনো অপতৎপরতা বা কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।