১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ এক জেলের মৃত্যু

“দগ্ধ বাকি তিনজনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।”

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 01:54 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মাছ ধরার নৌকায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চার জেলের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে রামগতি থানার ওসি কবির হোসেন জানান, আগের রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ৪২ বছর বয়সী আমজাদ হোসেন রায়পুর উপজেলার চরবংশী এলাকার সৈয়দ আহমদের ছেলে।

পুলিশ জানায়, গত ৭ অগাস্ট সকালে রামগতি উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে বয়ারচর ব্রিজ ঘাট এলাকায় নৌকায় রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় নৌকায় পাঁচ জেলে ছিল। এর মধ্যে একজন নদীতে ঝাঁপিয়ে পড়েন। চারজন দগ্ধ হয়।

দগ্ধ বাকিরা হলেন-আবুল খায়ের (৪০), গণি খাঁ (৪৫) ও ফারুক হোসেন (৩৯)। তাদের বাড়িও রায়পুর উপজেলার চরবংশী এলাকার বাসিন্দা।

বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি কবির হোসেন বলেন, “দগ্ধ তিনজনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। এর মধ্যে ফারুকের শরীরের ৪৫ শতাংশ, খায়েরের ৩৫ শতাংশ ও গণির শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসক জানিয়েছে।”