২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ২৩ বিয়ে

“এ নিয়ে প্রথম পর্বের দুই ধাপে ৮৬টি বিয়ে সম্পন্ন হয়েছে।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2025, 08:10 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে ২৩টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। যৌতুকবিহীন এ বিয়ে পড়ান ভারতের মাওলানা যোহাইরুল হাসান।

মঙ্গলবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে ‘মোহর ফাতেমির’ নিয়ম অনুযায়ী এ বিয়ে সম্পন্ন করা হয় বলে জানান শুরায়ী নেজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান। 

তিনি বলেন, “প্রতিবারের মত এবারও টঙ্গীর বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। প্রথম পর্বের প্রথম ধাপে ৬৩টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতের মাওলানা যোহাইরুল হাসান। 

“অপরদিকে প্রথম পর্বের দ্বিতীয় ধাপে ২৩টি বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমায় ভারতের মাওলানা যোহাইরুল হাসান আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ নিয়ে প্রথম পর্বের দুই ধাপে ৮৬টি বিয়ে সম্পন্ন হয়েছে।”

এর আগে বাদ যোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের কাছ থেকে তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা পাঠ করা হয়। 

বয়ান শেষে বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে সম্পন্ন করা হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়। 

তারপর মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়। যৌতুকবিহীন বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত নিয়ে উপস্থিত থাকেন তাদের অভিভাবক। 

আগামী ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ী নেজামের বা মাওলানা জুবায়ের অনুসারীদের দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।