Published : 15 May 2026, 01:32 AM
নাব্য সংকটের কারণে বন্ধ থাকার পর প্রায় ছয় মাস পর আবার কুড়িগ্রামের রৌমারী-চিলমারী নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে নদী পারাপারে দুই তীরের বাসিন্দাদের দুর্ভোগ কমল।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে রৌমারী থেকে ‘ফেরি কদম’ চিলমারীর উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ।
বিআইডব্লিউটিসি জানিয়েছে, শুক্রবার থেকে নিয়মিত চলবে এ ফেরি। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে রৌমারী থেকে ফেরি কদমের চালক মো. নূর আবেদিন চিলমারীর উদ্দেশে রওনা দেন। পরবর্তীতে কুঞ্জলতা ফেরি ট্রাফিকে যুক্ত করা হবে।
২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী ফেরি চলাচল শুরু হয়। চালুর পর প্রায় তিন বছরের মধ্যে নাব্য সংকটের অজুহাতে কয়েকবার ফেরি বন্ধ রাখা হয়। সবশেষ ২০২৫ সালে ১৯ নভেম্বর থেকে নাব্য সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে যায় ফেরি।
রৌমারী উপজেলার ট্রাক চালক আনছার আলী বলেন, ফেরি চালু হওয়ায় আমাদের সময় ও টাকা বাঁচবে।
স্থানীয় বাসিন্দা আয়নাল হক বলেন, ফেরি চালু হওয়ায় ভালো হল। সামনে ঈদ, মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবে।
চিলমারীর নৌ-বন্দর এলাকার হামিদুল ইসলাম বলেন, “কয়েক মাস ফেরি বন্ধ থাকায় পর আবার চালু হল। আমরা চাই সারা মাস যেন ফেরি চালু থাকে। এতে করে মানুষের ভোগান্তি কমবে।”
আগামী সপ্তাহে এ পথে কুঞ্জলতা ফেরি যুক্ত হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ।