১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে তিস্তার পানিতে ভাঙল সড়ক, বিচ্ছিন্ন দহগ্রাম

পাটগ্রামের আঞ্চলিক সড়কটি মেরামতের আশ্বাস দিয়েছে প্রশাসন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 07:58 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তিস্তা নদীর পানির স্রোতে একটি আঞ্চলিক সড়ক ভেঙে গেছে। এতে দহগ্রাম ইউনিয়নের কয়েকটি এলাকার মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার তিস্তার পানি বেড়ে কয়েকটি এলাকা প্লাবিত হয়। বৃহস্পতিবার কমতে শুরু করলে পানির চাপে দহগ্রামের সিসটিয়ারপাড়-আঙ্গোরপোতা-পাটগ্রাম আঞ্চলিক সড়কের একটি অংশ ভেঙে যায় বলে জানান ইউএনও তানভীর হোসেন।

স্থানীয়রা বলেন, সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া দহগ্রামের ১ নম্বর ওয়ার্ডের সিসটিয়ারপাড় এলাকায় সাকোয়া নদীর ওপর নির্মিত সেতুর দুই পাশের সংযোগ সড়কও ভেঙে গেছে।

সড়ক ভেঙে যাওয়ায় দহগ্রাম ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মানুষ দুর্ভোগে পড়েছেন। স্থানীয়দের দাবি, পানিতে আমন ধানের জমিও তলিয়ে গেছে।

৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালাম মিয়া বলেন, “সকালে এসে দেখি রাস্তা ভেঙে গেছে। রাস্তা ঠিক না হলে চলাচল করা সম্ভব নয়। ভাঙা অংশ পার হতে গেলেও গর্তে পড়ে যাওয়ার ভয় রয়েছে।”

ইউএনও তানভীর হোসেন বলেন, “সড়ক ভেঙে যাওয়ার পর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে।”