Published : 05 Aug 2026, 05:19 PM
ঝালকাঠির রাজাপুর উপজেলায় গভীর রাতে একটি বসতঘরে চুরি করতে গিয়ে গৃহবধূর কামড়ে এক চোরের আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার ডহরশংকর গ্রামের মো. নুরুজ্জামান খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে বলে রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান।
নুরুজ্জামানের স্ত্রী ঝুমুর বেগম বলেন, “গভীর রাতে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে আমাদের বাড়িতে প্রবেশ করে। শব্দ পেয়ে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। একপর্যায়ে আমি এক চোরকে জাপটে ধরলে তার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।
“এ সময় চোরটি আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে আমি তার আঙুলে কামড় দিই। এতে তার আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।”
পরিবারের দাবি, পরে বাইরে অবস্থান করা চোরের সহযোগীরা এসে তাকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় তারা ঘরে থাকা দুটি দামি মোবাইল ফোনও নিয়ে যায়।
ওসি সুজন বিশ্বাস বলেন, “ঘটনার বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”