১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, পরদিন আখক্ষেতে মিলল রক্তাক্ত লাশ

মোটরসাইকেল ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে গেছে বলে ধারণা করছে জয়পুরহাট পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 03:57 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার একটি আখক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে; যিনি আগের দিন রাতে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ হন বলে জানিয়েছে পুলিশ।

মোটরসাইকেল ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমান।

নিহত তমেজুল ইসলাম (৪৬) উপজেলার আটুল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট এলাকায় শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তমেজুল। পরে রাত ৯টার দিকে সেখান থেকে মোটরসাইকেলে করে নিজ গ্রামের উদ্দেশে রওনা হন। এরপর থেকে স্বজনরা তার আর কোনো খোঁজ পাচ্ছিলেন না।

এদিন সকালে একটি আখক্ষেতে মৃতদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তমেজুলকে শনাক্ত করেন। এ ঘটনায় স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

পরিদর্শক মোকলেছুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।