Published : 07 Aug 2025, 03:13 PM
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মাছ ধরার নৌকায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জেলে দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার বয়ারচর ব্রিজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে রামগতি বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম জানান।
দগ্ধ জেলেরা হলেন- রায়পুর উপজেলার চরবংশী এলাকার বাসিন্দা আমজাদ হোসেন (৪২), আবু মিয়া (৪০), গণি খাঁ (৪৫) ও ফারুক (৩৯)।
এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।
আহত জেলেরা জানান, রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। তখন নৌকায় পাঁচজন ছিলেন। একজন নদীতে ঝাঁপিয়ে পড়ে। বাকি চারজন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে দুইজনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুইজনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা কামনাশীষ মজুমদার বলেন, দগ্ধ দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের অবস্থা গুরুতর। শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
রামগতি বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি মর্মান্তিক। দগ্ধ জেলেদের স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন।”