১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মামলায় খালাস পেলে দেশে আসবেন তারেক রহমান: আলাল

বরিশাল প্রেস ক্লাবে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

মামলায় খালাস পেলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেছেন, “তারেক রহমানের একটি স্পর্শকাতর মামলা অপিল বিভাগে শুনানি হচ্ছে। এই মামলার রায় ঘোষণার পর যদি উনি খালাস পান, তার পর পরই উনি আসবেন এমনটাই আমাদের ধারণা দিয়েছেন।” 

বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। 

এ সময় আলাল বলেন, “যেখানেই থাকি বরিশাল আমাকে টানে। আমার চার পুরুষের বসবাস এখানে। বাসায় বাপ-দাদার কবর আছে। এখানে মতবিনিময়ের জন্য এসেছি। এই আসনে (বরিশাল-৫) আমি দলের কাছে মনোনয়ন চাইব। দল যদি মনে করে, আমাকে মনোনয়ন দেবেন। তাহলে আপনাদের সঙ্গে নিয়ে একত্রে কাজ করব।” 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, “জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করছে। আবার পিআর পদ্ধতিতেও নির্বাচন চাচ্ছে। কোনটা যে সত্যি, সেটা আমি বলতে পারব না। এটা তারাই ভালো বলতে পারবে। দুটো সাংঘর্ষিক বিষয় এক হয় কী করে?” 

এনসিপির এক নেতা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না বলে যে বক্তব্য দিয়েছেন, সেই বিষয়ে জানতে চাইলে আলাল বলেন, “এগুলো তারা বলছেন, তাদের বয়স, আবেগ ও অপরিপক্কতার কারণ।” 

বিএনপি নেতা আরও বলেন, “আমরা আশা করছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। জনগণের কাছে জবাবদিহিতার সরকার না থাকলে দেশি বিনিয়োগ পর্যন্ত হচ্ছে না। দেশের বড় বড় শিল্পগোষ্ঠী নতুন কোনো বড় বিনিয়োগে যাচ্ছেন না। বিদেশিরা তো আসেন-ই না। এই জন্য নির্বাচনটা সঠিক সময় হওয়া দরকার। জবাবদিহিতামূলক সরকার আসলেই অর্থনীতিটা সমৃদ্ধ হবে। এখন কিন্তু রেমিট্যান্স ছাড়া অর্থনীতিতে আর কিছু নেই।” 

মতবিনিমিয় সভায় বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, জ্যেষ্ঠ সহসভাপতি হুমায়ন কবির ও জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ, জ্যেষ্ঠ সাংবাদিক অরূপ তালুকদার ও আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।