১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় চাচা হত্যায় ২ ভাতিজা গ্রেপ্তার

বাকবিতণ্ডার এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, বলছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 04:17 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

নওগাঁর আত্রাই উপজেলায় বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।  

এ ঘটনায় মামলা দায়েরের পর নাটোরের সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে দুই ভাতিজাকে গ্রেপ্তার করে পুলিশ।  

এর আগে সোমবার সন্ধ্যায় আত্রাইয়ের বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামে এ ঘটনা ঘটে বলে আত্রাই থানার ওসি মো. আব্দুল মান্নান জানান।

নিহত ৭০ বছর বয়সী আজিজার রহমান তেজনন্দী গ্রামের বাসিন্দা ।

গ্রেপ্তরা হলেন- নিহতের ভাতিজা তেজনন্দী গ্রামের আলাউদ্দিনের ছেলে বাবু হোসেন ও আব্দুল আলিম।

ওসি আব্দুল মান্নান বলেন, “সোমবার সন্ধ্যায় বাঁশ কাটাকে কেন্দ্র করে ভাতিজাদের সঙ্গে আজিজারের কথা কাটাকাটি হয়। এ সময় ভাতিজা বাবুসহ কয়েকজন ব্যক্তি বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ফের বাকবিতণ্ডা শুরু হয়।

“এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই আজিজার নিহত হন। রাতেই নিহতের ছেলে মো. মুকুল হোসেন বাদী হয়ে আত্রাই থানায় সাত জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।”

তিনি বলেন, মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিল। আত্রাই থানার পুলিশের একটি দল গোপন তথ্যে অভিযান চালিয়ে বাবু ও আলিমকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান ওসি আব্দুল মান্নান।