Published : 22 Jun 2026, 12:20 PM
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ছয়দিন আগে নিখোঁজ অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, রোববার বিকাল পৌনে ৫টার দিকে জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকায় একটি কবরস্থান সংলগ্ন বাঁশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করেন তারা।
নিহত ১৪ বছর বয়সী মেয়েটি সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের একটি বিদ্যালয়ের ছাত্রী। তার বাড়ি একই ইউনিয়নে; বাবা প্রবাসী।
নিহতের স্বজনদের অভিযোগ, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন বিরতির সময় একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির এক ছাত্রের সঙ্গে মেয়েটির ‘আপত্তিকর’ অবস্থার একটি ঘটনা ঘটে; যা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে বলে অভিযোগ ওঠে।
পরে বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা নেয় এবং উভয়কে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) প্রদান করে।
এরপর মেয়েটি বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
রোববার বিকালে একটি বাঁশের ঝোপে তার খণ্ডিত মরদেহ ও স্কুলব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
ওসি মাজহারুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।”
তবে এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।