১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কারাগারে

রোববার রাজধানীর বারিধারা এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2024, 09:31 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীমকে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যার পর জাহিদ ফারুককে বরিশাল জ্যেষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। আদালতে তার পক্ষে শতাধিক আইনজীবী জামিনের প্রার্থনা করে আবেদন জমা দেন। 

বিচারক নুরুল আমিন তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন বলে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এনামুল হক জানান। 

বরিশাল-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে দুই বার সংসদ সদস্য হন জাহিদ ফারুক শামীম। রোববার রাজধানীর বারিধারা এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। 

৪ অগাস্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটের ঘটনায় করা মামলার প্রধান আসামি ছিলেন তিনি। ওই মামলার বাদী হলেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক। 

জিআরও এনামুল হক বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাহিদ ফারুককে এজলাসে হাজির করা হয়। সেখানে ২০ মিনিটের মতো সময় তাকে রাখা হয়। তার জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষে তাকে জেলে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।

তবে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কোনো আবেদন করা হয়নি বলে জানান জিআরও। 

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কি-না এ ধরনের সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সিদ্ধান্ত নেবেন।” 

জাহিদ ফারুকের পক্ষের আইনজীবী বরিশাল মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আফজালুল করিম ও লস্কর নুরুল হক জানিয়েছেন, তাকে জামিন না দিলেও কারাগারে যেন ডিভিশন দেওয়া হয় সেই আবেদনও করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জিআরও বলেন, ডিভিশনের বিষয়টি কারা কর্তৃপক্ষ দেখবে। তারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।