Published : 05 Mar 2026, 04:52 PM
পার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী অধিবাসীরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে পদত্যাগের জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিটি রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনের হাতে তুলে দেওয়া হয়।
এতে দাবি করা হয়েছে, পার্বত্য চুক্তি অনুযায়ী পার্বত্য মন্ত্রণালয়ে একজন উপজাতীয় মন্ত্রী নিয়োগ করা হবে এবং মন্ত্রণালয়কে সহায়তার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে।
কিন্তু মীর হেলাল উদ্দিনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে সাংঘর্ষিক ও বিধিসম্মত নয়।
এতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের এ্যালোকেশন অব বিজনেস অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য সম্পাদনে জটিলতা ও বিশৃংখলা দেখা দেবে যা কারোর জন্য কাম্য হতে পারে না।
স্মারকলিপিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে কাউকে পদায়ন করা বন্ধ করা এবং একটি রোডম্যাপ প্রণয়নের মাধ্যমে পার্বত্য চুক্তি যথাযথভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হোক।
স্মারকলিপিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সহসভাপতি ঊষাতন তালুকদার, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম ‘ক’ অঞ্চল সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন রাঙামাটির সভাপতি বিজয় কেতন চাকমা, জুম ইসথেটিকস কাউন্সিলের সভাপতি শিশির চাকমা, আদিবাসী ফোরাম রাঙামাটি অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টু মনি চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক সহ সভাপতি ভবতোষ দেওয়ানসহ ৬১ জন স্থায়ী অধিবাসী, আইনজীবী, হেডম্যান, লেখক, সংস্কৃতি কর্মী, সমাজকর্মী ও সাংবাদিক স্বাক্ষর করেছেন।