Published : 27 Sep 2024, 09:14 PM
ভালো কাজের আশায় অবৈধভাবে ভারতে যাওয়ার পর সাজা খেটে দেশে ফিরেছেন নয় বাংলাদেশি নারী। বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
বৃহস্পতিবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক।
ফেরত আসাদের বাড়ি কিশোরগঞ্জ, যশোর, খুলনা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। তাদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।
যশোরের ‘জাস্টিস অ্যান্ড কেয়ারের’ কর্মকর্তা আরিফা খাতুন বলেন, “বিভিন্ন সময় দালালের খপ্পরে পড়ে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যান। সেখানে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশ তাদের আটক করে।
“অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আদালতে পাঠানো হয়। পরে তাদেরকে কারাগারে পাঠায় আদালত। সাজাভোগ শেষে কলকাতার মানবাধিকার সংগঠন ‘রেসকিউ ফাউন্ডেশন’ তাদের ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে।”
পরে ভারত-বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয় বলে জানান মানবাধিকার কর্মী আরিফা খাতুন।
পরিদর্শক ওমর ফারুক বলেন, চেকপোস্টের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
পরে তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ ও ‘রাইটস’ যশোরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।