২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে উঠে যাচ্ছে শিক্ষক-কর্মকর্তার সন্তান কোটা

তবে সহায়ক ও সাধারণ কর্মচারীর সন্তানদের জন্য ১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2025, 08:17 PM

Updated : 26 Aug 2026, 11:16 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় থাকছে না শিক্ষক ও কর্মকর্তার সন্তান কোটা।

তবে সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য এক শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার।

সভায় সভাপতিত্ব করেন ভর্তি কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে-মেয়ে কোটার হার পুনঃনির্ধারণ করা হয়েছে।

কেবলমাত্র সহায়ক ও সাধারণ কর্মচারীদের ছেলে-মেয়েদের জন্য এক শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।