Published : 15 Feb 2025, 08:44 PM
বগুড়ার ধুনটে যমুনা নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদী থেকে স্থানীয় জেলেরা লাশটি উদ্ধার করেন বলে ওই ইউপির চেয়ারম্যান বেলাল হোসেন বাবু জানান।
নিহত শিক্ষার্থী জুনায়েদ রহমান (১৮) বগুড়ার শেরপুর পৌরসভার টাউন কলোনি এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
তিনি পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্বজনদের বরাতে ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, শুক্রবার দুপুরে নিজেদের এলাকা থেকে জুনায়েদ রহমান, তার বন্ধু একই এলাকার আবুল কাশেমের ছেলে মফিজ ইকবাল, সোলায়ন আলীর ছেলে অয়াফি হাসান ও গোলাম সরোয়ারের ছেলে গোলাম শোয়েব ধুনটের যমুনা নদীতে বেড়াতে আসেন।
তারা শিমুলবাড়ী স্পারের কাছে নদীতে নেমে একসঙ্গে মোবাইল ফোনে সেলফি তুলছিলেন।
এ সময় চার বন্ধু একইসঙ্গে পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন জুনায়েদ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়েও ওই তরুণের খোঁজ পায়নি।
শনিবার বেলা ১১টার দিকে কয়াগাড়ী গ্রামের জেলে আব্দুর রাজ্জাকসহ কয়েকজন লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
ধুনট ফায়ার স্টেশনের ইনচার্জ হামিদুল ইসলাম বলেন, স্থানীয় জেলেদের সহযোগিতায় তারা লাশটি উদ্ধার করেছেন।