১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ভোটের দিনক্ষণ ইসির হাতে নয়: আবুল ফজল

কুড়িগ্রামের রাজারহাটে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2025, 07:36 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

ভোটের দিনক্ষণ নির্বাচন কমিশনের হাতে নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেছেন, “নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনের হাতে নয়। তবে প্রধান উপদেষ্টা যেমন বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের প্রথমার্ধে যেকোনো সময়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই সময়কে ধরে নির্বাচন হবে।”

রোববার দুপুরের দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হল রুমে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। 

ভোটার তালিকা হালনাগাদের গুরুত্ব তুলে ধরে নির্বাচন কমিশনার বলেন, “ভোট যখনই হোক, আমাদের একটা ভোটার তালিকার প্রয়োজন হবে এবং এই ভোটার তালিকা নিয়ে কিছু অভিযোগ আছে সেগুলো নিরসন করতে হবে। আমাদের কমিশনের সিদ্ধান্ত মতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রণয়ন করা হচ্ছে।

“নির্দিষ্ট সময়ে খসড়া হবে; তারপর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে উঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। ভুয়া ভোটার তালিকা, মৃত ভোটারদের উপস্থিতি, বিদেশি নাগরিকদের উপস্থিতি, দ্বৈত ভোটারদের উপস্থিতি- এগুলো কাটিয়ে উঠার জন্যই ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে।”

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আমাদের প্রত্যাশা হচ্ছে, আগামীতে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন করার। এ ধরনের নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে, স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা।”

এ সময় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান উপস্থিত ছিলেন।