১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কপিকল ওঠানো-নামানোর তার ভবনের সামনে দিয়ে যাওয়া উচ্চশক্তির বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুতায়িত হয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 08:05 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণাধীন দশতলা ভবনের ছাদ থেকে পড়ে  এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রোববার বিকাল ৪টার দিকে খড়কি সরকারি এমএম কলেজের উত্তর গেটের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানান যশোর কোতয়ালি থানার এসআই শহিদুল ইসলাম। 

নিহত সাজ্জাদ হোসেন (২৭) সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আজাহার হোসেনের ছেলে।

এসআই শহিদুল বলেন, সড়কের পাশের ওই ভবনের মালিক নান্নু নামে এক ব্যক্তি। রোববার ভবনের ওপর থেকে নির্মাণ কাজের ময়লা-আবর্জনা কপিকলে করে নামানো হচ্ছিল। 

এ সময় কপিকল ওঠানো-নামানোর তার ভবনের সামনে দিয়ে যাওয়া উচ্চশক্তির বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুতায়িত হয়। এতে ওই তার ধরে দাঁড়িয়ে থাকা সাজ্জাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন।

নিহত সাজ্জাদের সহকর্মী আশানুর জানান, ভবনের প্রায় ঘা-ঘেষে গেছে ৪৪০ ভোল্টের বিদ্যুতের তার। ওই বিদ্যুতের তারে কপিকল বহনের তারের স্পর্শে এ ঘটনা ঘটে।

ভবনের নির্মাণ কাজের ব্যবস্থাপক মিথুন হোসেন বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। তারা নিহত সাজ্জাদের পরিবারের পাশে থাকবেন।