১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: কেটে ফেলা জায়গায় ৬৪ বকুল গাছ রোপণ

সম্প্রতি সড়ক বিভাজকে থাকা অর্ধশত বকুল গাছ কেটে ফেলে আজমিরী হোসেন নামে এক ব্যক্তি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 03:17 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী এলাকায় সড়ক বিভাজকে উজার হওয়া গাছের জায়গায় নতুন করে ৬৪টি বকুল গাছ রোপণ করা হয়েছে। 

সোমবার বিকাল থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এসব গাছ রোপণ করেন। 

সওজের কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান বলেন, “আমাদের কর্মকর্তা- কর্মচারীরা গিয়ে ৬৪টি বকুল গাছ লাগিয়ে এসেছে। প্রায় ৫০০ মিটার জায়গাজুড়ে এসব গাছ লাগানো হয়েছে। এসব গাছ যে কেটে নিয়েছে তাকে আইনের আওতায় আনা হয়েছে।” 

তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকে যেসব গাছ লাগানো হয়েছে সেগুলো দেখাশোনা করার জন্য আলাদা লোকবল নেই বলেও জানান তিনি। 

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নির্মাণ শ্রমিকরাই এসব গাছের দেখাশোনা করেন।  

কুমিল্লা শহরের সুপরিচিত উদ্ভিদপ্রেমী ও চিকিৎসক আবু নাঈম বলেন, “বকুল খুবই কষ্টসহিষ্ণু গাছ। কেউ ইচ্ছা করে কেটে না ফেললে কিংবা উপড়ে না ফেললে এসব গাছ সহজে মরে না।  মহাসড়কের বিভাজকের যে বকুল গাছগুলো লাগানো হয়েছে সেগুলো আসলেই চালকদের উপকারী এবং দীর্ঘস্থায়ী। কারণ আমাদের মহাসড়ক অনেক বেশি পরিমাণে আঁকাবাঁকা হওয়ায় রাতের বেলা একপাশের যানবাহনের আলো অপর পাশের যানবাহনের চালকদের চোখে পড়ে এবং দুর্ঘটনা ঘটাতে পারে।” 

সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের বেলতলী এলাকায় সড়ক বিভাজক থেকে অর্ধশত বকুল গাছ কেটে ফেলে আজমিরী হোসেন নামে এক ব্যক্তি। 

এ বিষয়ে সড়ক বিভাগ সদর দক্ষিণ থানায় মামলার পর আজমিরী হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।