Published : 15 May 2026, 04:38 PM
জ্যৈষ্ঠের প্রথম দিনেই রাজশাহীতে বাগান থেকে আম নামানো শুরু হয়েছে। জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম পর্যায়ে গুটি জাতের আম পাড়া শুরু হয়।
নির্ধারিত ‘ম্যাংগো ক্যালেন্ডার’ অনুসরণ করে শুক্রবার সকাল থেকে আম সংগ্রহ করতে পেরে খুশি স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীরা। তাদের দাবি, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় বাগানে আমের ফলন বেশ ভালো হয়েছে। এখন কাঙ্ক্ষিত দাম নিয়ে আশাবাদী তারা।

চাষিরা জানান, মৌসুমের শুরুতে এখন অল্প পরিমাণে আম নামানো হলেও কয়েকদিনের মধ্যেই বাগানগুলোতে পুরোদমে আম সংগ্রহ শুরু হবে। বাজারে পরিপক্ব ও নিরাপদ আম সরবরাহ নিশ্চিত করতে তদারকি করছে প্রশাসন।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক পাপিয়া রহমান মৌরী বলেন, রাজশাহী জেলায় ১৯ হাজার ৬২ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। চলতি মৌসুমে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৪৩ হাজার ৯৯৫ টন; যার সম্ভাব্য বাজারমূল্য ৭৮০ কোটি ৬৮ লাখ টাকা।
তিনি বলেন, “প্রশাসনের নজরদারি অব্যাহত থাকায় এবারও বাজারে রাসায়নিকমুক্ত ও পরিপক্ব আম সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।”

জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম বাজারে আসবে। সূচি অনুযায়ী গুটি আম ১৫ মে থেকে সংগ্রহ শুরু হয়েছে। আগামী ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে লক্ষ্মণভোগ (লখনা) ও রাণীপছন্দ, ৩০ মে থেকে হিমসাগর বা খিরসাপাত বাজারজাত করা যাবে।
এ ছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে আশ্বিনা ও বারি-৪, ১৫ জুলাই থেকে গৌড়মতি এবং ২০ অগাস্ট থেকে ইলামতি সংগ্রহ করা যাবে। আর কাটিমন ও বারি-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ ও বাজারজাত করা সম্ভব।