১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, চালকের সহকারী নিহত

ইমাদ পরিবহনের দ্রুতগামী বাস হানিফ পরিবহনের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে, বলছে পুলিশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 11:56 AM

Updated : 26 Aug 2026, 02:25 PM

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। 

রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন বলে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানিয়েছেন।

নিহত ২০ বছর বয়সী শরিয়াতউল্লাহ পিরোজপুর জেলার হরিনা গাজিপুর গ্রামের জামাল হোসেনের ছেলে ও দুর্ঘটনাগ্রস্ত ইমাদ পরিবহনের চালকের সহকারী ছিলেন।

দেওয়ান আজাদ বলেন, “মাওয়ামুখী এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের একটি বাসকে দ্রুতগামী ইমাদ পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা মারে। 

“এতে ঘটনাস্থলেই শরিয়াতউল্লাহ নিহত হন।” 

হাসাড়া হাইওয়ে থানার এসআই নুর মোহাম্মদ বলেন, হানিফ পরিবহনের বাসটি বিকল হয়ে যাওয়ার কারণে রাস্তায় দাঁড় করানো ছিল। তখন ইমাদ পরিবহনের দ্রুতগামী একটি বাস হানিফ পরিবহনের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে ৪০ মিনিটের মতো যান চলাচল বিঘ্নিত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

এ দুর্ঘটনায় আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে এসআই জানান।