Published : 24 Jul 2026, 10:00 PM
বান্দরবানে থানচিতে সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা পর্যটকদের মধ্যে একজন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার বিকালে তিন্দুমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানচি থানার ওসি কানন সরকার।
তাৎক্ষণিক নিখোঁজ পর্যটকের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি কানন সরকার বলেন, “১৩ জনের একটি পর্যটক দল থানচি-আলীকদম সড়ক দিয়ে তিন্দুতে যাচ্ছিল। তাদের এক নৌকায় সাতজন, আরেকটিতে ছয়জন ছিলেন।
“এখন কোন নৌকা দুর্ঘটনার শিকার হয়েছে নিশ্চিত না। শুধু এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। এখন রাত হয়ে গেছে। কাল সকালের আগে বিস্তারিত খবর পাওয়ার সুযোগ নাই।”
শিমিয়ন ত্রিপুরা নামে এক পর্যটক গাইড বলেন, “দুর্ঘটনা খবর পাওয়ার পর থানচি নিবন্ধন তালিকায় খোঁজ নিয়ে দেখলাম, তারা নিবন্ধন করে যায়নি। তারা তিন্দু হয়ে ঢুকেছেন। তবে থানচি থেকে দুজন গাইড নিয়ে গেছে শুনেছি।
“তিন্দুমুখ বন্ডপাথর এলাকায় স্রোতের কারণে নৌকা দুর্ঘটনায় এক পর্যটক নিখোঁজের খবর পেয়েছি। আমাদের একটা দল কাল সকালে দুর্ঘটনাস্থলে যাব।”
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, তিন্দুতে অবস্থিত বিজিবি ক্যাম্পে বিষয়টি জানানো হয়েছে। বর্ষায় স্রোতের কারণে পর্যটকদের সতর্কতভাবে ভ্রমণের নির্দেশনা দেওয়া হয়েছে।
“এখন পরিস্থিতি বিবেচনায় সেখানে পর্যটক ভ্রমণে বর্ষাকাল পর্যন্ত কিছুদিন বন্ধ রাখা যায় কিনা দেখব। পুলিশ ও ফায়ার সার্ভিসকে বলা আছে। তাদেরকে শনিবার সকালে ঘটনাস্থলে পাঠাব”, বলেন তিনি।
থানচি উপজেলা সদর থেকে তিন্দুমুখের দূরত্ব আনুমানিক ১২ কিলোমিটার। পর্যটকরা এক সময় তিন্দুতে শুধুমাত্র সরাসরি নৌপথে করে যেত। পরে থানচি-আলীকদম দিয়ে সংযোগ সড়ক হওয়ায় এখন অনেক পর্যটক নিবন্ধন না করেই তিন্দু, রেমাক্রি এবং নাফাকুম জলপ্রপাত ভ্রমণে যান।