Published : 10 Sep 2026, 11:04 PM
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে বিএসএফ ফাঁকা গুলি করে বাংলাদেশিদের চারটি নৌকা ও পাথর উত্তোলনের সরঞ্জাম নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ধরলা নদীর ‘মাইয়ামরা ঘাট’ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর সহকারী পরিচালক কারিমুল ইসলাম জানান।
বিজিবি জানায়, শ্রীরামপুর ইউনিয়নের ধরলা নদীর সীমান্ত আন্তর্জাতিক ৮৪২ মেইন পিলারের ৪ ও ৫ নম্বর সাব-পিলারের মধ্যবর্তী এলাকায় ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি শ্রমিক বালু ও পাথর তুলতে যান।
খবর পেয়ে ভারতের কোচবিহারের ৬২ বিএসএফ ব্যাটালিয়নের ‘পানিশালা’ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে। বিএসএফ সদস্যরা অন্তত পাঁচটি ফাঁকা গুলি ছুড়লে শ্রমিকরা পালিয়ে বাংলাদেশে ফেরেন। পরবর্তীতে বিএসএফ নদী থেকে শ্রমিকদের চারটি নৌকা ও পাথর উত্তোলনের সরঞ্জাম নিয়ে যায়।
এ ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়িমারী ও চ্যাংড়াবান্দা কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে গুলি ছোড়ার ঘটনার কড়া প্রতিবাদ জানায় বিজিবি।
বিজিবির সহকারী পরিচালক কারিমুল ইসলাম বলেন, বিএসএফের গুলি বর্ষণের ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠক শেষে সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।