১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্রীপুরে রান্নাঘরের আগুনে দগ্ধ শিক্ষিকার মৃত্যু

পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামে এসেছিলেন ঢাকার অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহেদা আহমেদ।

শ্রীপুরে রান্নাঘরের আগুনে দগ্ধ শিক্ষিকার মৃত্যু
শাহেদা আহমেদ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 02:11 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

গাজীপুরের শ্রীপুরে রান্নাঘরে ‘গ্যাস সিলিন্ডারের লিকেজের’ আগুনে দগ্ধ হওয়া এক শিক্ষিকা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

রোববার সকালে তিনি মারা যান বলে জানিয়েছেন তার স্বামী ও গাজীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন।

নিহত শাহেদা আহমেদ (৫০) ঢাকার অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ছিলেন। 

জসিম উদ্দিন বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে তারা ঢাকা থেকে শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে এসেছিলেন। গত ২৫ মার্চ রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। 

এতে শাহেদা দগ্ধ হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 

পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল করিম বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নেভায়। সেখানে দগ্ধ নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল তার স্বজনেরা।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, শিক্ষিকার মৃত্যুর বিষয়ে থানায় কেউ অবহিত করেননি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।