Published : 07 Dec 2025, 05:05 PM
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ঘর বিক্রির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
তদন্ত কমিটি অন্য দুই সদস্য হলেন, উপজেলা প্রকৌশলী শফিউল আজম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল।
কমিটিকে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে উপজেলার ১৮ নম্বর জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনসেড ঘর সম্প্রতি বিধিবহির্ভূতভাবে নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটে। অভিযোগ উঠে টাকা আত্মসাৎ করতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার তার নিজ এলাকার এক ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে টিনশেড ঘরটি বিক্রি করে দেন।
তবে প্রধান শিক্ষক শাহাদাত দাবি করেন, টিনশেড ঘরটি অকেজো হওয়ায় বিক্রি করেছেন, বিক্রির টাকা বিদ্যালয়ের উন্নয়নে ব্যয় করবেন।
এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ বলেন, বিদ্যালয়ের ঘর বিক্রির ঘটনায় তদন্তের কাজ শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।