১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ব্যতিক্রমী ‘র‌্যাম্প শো’, রেড কার্পেটে হাঁটল ৭০ বিড়াল

র‍্যাম্প শোতে প্রথম হয়েছে পারসিয়ান জাতের একটি বিড়াল ‘স্নোপি’। দ্বিতীয় হয়েছে বেঙ্গল জাতের, তৃতীয় হয়েছে দেশী জাতের একটি বিড়াল।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2025, 05:33 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

কারো গায়ে লাল জ্যাকেট, কেউ পরেছে বোটাই যুক্ত ব্লেজার, সঙ্গে রঙিন সানগ্লাস। কেউ সেজেছে লাল ফ্রক বা স্কার্টে, গলায় পুতির মালা বা টুমটুমি ঘণ্টা। তবে এমন বর্ণিল সাজে ‘রেড কার্পেটে’ হাঁটা তারা কেউ মানুষ নয়, বিড়াল। 

আর তাদের এই র‍্যাম্প শো দেখতে বুধবার ফেনী শহরের একটি গণমিলনায়তনে ভিড় জমিয়েছে শত শত বিড়াল প্রেমী। 

ফেনী অ্যানিমেল লাভার্স নামে একটি সংগঠনের আয়োজনে ‘ক্যাট শো সিজন-২’ ব্যানারে এই ব্যতিক্রমী প্রদর্শনীতে গুণে গুণে ৭০টি বিড়াল হেঁটেছে লাল গালিচায়।

ফেনী অ্যানিমেল লাভার্সের সিইও আবদুল্লাহ আল নোমান ওরফে সাইমুন ফারাবী বলেন, “তিন বছর আগে প্রথম পোষা বিড়াল প্রদশর্নীর আয়োজন করেছিলাম। এবার প্রদর্শনীর পাশাপাশি ‘রেড কার্পেটে’ র‍্যাম্প শো এর ব্যবস্থা করা হয়েছে। 

দেশি-বিদেশি জাতের পোষা বিড়াল নিয়ে ফেনীর পাশাপাশি আশপাশের জেলা ও ঢাকা থেকেও অনেকে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। শখের বিড়ালকে কেউ পোশাক পরিয়েছেন, চোখে সানগ্লাস তো কেউ বিড়ালের মাথায় কাপড়ের ফুল গুঁজে দিয়ে দৃষ্টিনন্দন করেছেন।”

ফেনী ও আশপাশের বিভিন্ন জায়গা থেকে প্রায় দেড় হাজার বিড়ালপ্রেমী প্রদর্শনী উপভোগ করতে এসেছেন জানিয়ে তিনি বলেন, এমন আয়োজন ঘিরে প্রাণিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের সরব উপস্থিতিতে আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত ছিল। প্রদর্শনীতে থাকা বিড়ালগুলোকে কেউ ছুঁয়ে দেখছেন, আবার কেউ কোলে তুলে আদর করছেন।” 

বন্যপ্রাণী রেস্কিউ টিমের সদস্য ফারাবী আরও বলেন, এ আয়োজনে বিড়ালের প্রদর্শনী ছাড়াও বিনামূল্যে বিড়ালের (ভেটেরিনারি) চিকিৎসা, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়। 

দ্বিতীয়বারের মতো এমন আয়োজন করতে পেরে তিনি উচ্ছ্বসিত বলেও জানান ফারাবী।  

প্রদর্শনী দেখতে আসা প্রাণীপ্রেমী সংগঠক ও ব্যবসায়ী ইমন উল হক বলেন, “কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হলিউডের নায়ক-নায়িকারা হেঁটেছেন। কিন্তু পোষা বিড়াল রেড কার্পেটে হাঁটবে এমনটি শুনেই এখানে দেখতে এসেছি। 

“যদিও অনেক ভিড় দেখে বিড়ালগুলো বিচলিত ছিল। তবে বিড়ালের প্রতি মানুষের ভালোবাসা বাড়াতে আয়োজকদের এমন উদ্যোগ অসাধারণ।”

র‍্যাম্প শোতে প্রথম হয়েছে পারসিয়ান জাতের একটি বিড়াল ‘স্নোপি’। দ্বিতীয় হয়েছে বেঙ্গল জাতের, তৃতীয় হয়েছে দেশী জাতের একটি বিড়াল।

যেমন খুশি তেমন সাজো ইভেন্টে ‘বেস্ট ক্যাট মাদার’ পুরস্কার পেয়েছেন চারজন। তারা হলেন- মর্জিনা আকতার, মঞ্জুরা আক্তার, তাসলিমা আক্তার ও মনিকা রায়।

স্নোপির মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুমতাহিনা রবি প্রিথা, র‍্যাম্প শোতে অংশ নিতে ঢাকা থেকে ফেনী ছুটে এসেছেন তিনি। 

প্রিথা বলেন, “ছোট্টবেলা থেকেই প্রাণীদের প্রতি আমার টান ছিল, বিড়ালের মিষ্টি স্বভাব ও চঞ্চলতা আমাকে সবসময় মুগ্ধ করে। ৭ বছর ধরে আমি বিড়াল পালন করছি। স্নোপিকে ঘরে পেয়ে এক ধরনের মানসিক শান্তি আর আনন্দ অনুভব করি।”

তিনি আরও বলেন, “ক্যাট শোতে অংশ নেওয়ার মূল কারণ ছিল আমার বিড়ালের প্রতিভা আর সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরা। অন্য প্রাণীপ্রেমীদের সঙ্গে দেখা করা ও অভিজ্ঞতা বিনিময় করা। এতে নতুন কিছু শেখার সুযোগ পেয়েছি, সাথে পুরস্কারও অর্জন করেছি।”

বেস্ট মাদার ক্যাট পুরস্কার পাওয়া তাসলিমা আক্তার বলেন, “এমন প্রদর্শনীতে অংশ নিতে পেরে ভালোই লাগছে। আমাকে বেস্ট মাদার ক্যাট পুরস্কৃত করার আমি আয়োজকদের কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা বাড়িয়েছে এমন আয়োজন।”

অনুষ্ঠানে বেশকিছু বিড়ালকে চিকিৎসা ও যত্ন নেয়ার টিপস দিয়েছেন ভেটেরিনারি চিকিৎসক ও ফেনী প্যাড ক্লিনিকের প্রতিষ্ঠাতা মো. ইব্রাহীম। 

তিনি বলেন, এমন আয়োজন মানুষকে পোষা প্রাণীর প্রতি যত্নবান হতে সহায়তা করবে। যেকোনো ধরনের অসুস্থ বিড়ালসহ পোষা প্রাণীদের চিকিৎসা দিতে সবসময় প্রস্তুত রয়েছি। এর আগে আমার ফেনী প্যাড ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে একটি বিড়াল বাচ্চা প্রসব করেছিল।

ক্যাট শোতে অতিথি হয়ে আসা ফেনীর বিভাগীয় বন কর্মকর্তা (সদর রেঞ্জ) বাবুল চন্দ্র ভৌমিক বলেন, “ক্যাট শোতে বিড়াল প্রেমীরা তাদের প্রিয় প্রাণীকে সাজিয়ে তুলে ধরেন, যা প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নের বহিঃপ্রকাশ। ভিন্নধর্মী এমন আয়োজন প্রাণীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে।” 

এমন আয়োজন আরও বেশি বেশি হওয়া প্রয়োজন বলেও জানান এ বন কর্মকর্তা।