২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে গৃহবধূকে ছুরিকাঘাতে খুন, স্বামী পলাতক

পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

টাঙ্গাইলে গৃহবধূকে ছুরিকাঘাতে খুন, স্বামী পলাতক
টাঙ্গাইলের সখীপুর থানা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 09:04 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রোববার সকালে উপজেলার পৌরসভার জেলখানা মোড় এলাকায় ঘটনা ঘটে বলে জানান সখীপুর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া।

নিহত মোছা. কাকলি (৩৫) উপজেলার মুচারিয়া পাথার এলাকার প্রয়াত আবদুস ছবুর মিয়ার মেয়ে। এ ঘটনার পর থেকে কাকলির স্বামী মেহেদী হাসান (৪০) পালাতক আছেন।

পরে মেহেদীকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন কাকলির ভাই বাদল মিয়া। 

ওসি কালাম বলেন, দুই সন্তানকে নিয়ে মেহেদী ও কাকলি জেলখানা মোড়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তবে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

“সকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে মেহেদী ঘরে রাখা মাংস কাটার ছুরি দিয়ে কাকলিকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই কাকলি মারা যান।”

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

ওসি কালাম ভূঁইয়া বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসামিকে ধরতে অভিযান চলছে।