১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে যুবদল নেতার দোকানে ভাঙচুর-লুটপাট: ২ জামায়াত নেতা গ্রেপ্তার

এ ঘটনায় ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেছেন বিএনপি নেতা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 02:06 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াত ইসলামীর স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

গ্রেপ্তাররা হলেন- উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার ও একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।

রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আজম জানিয়েছেন।

এর আগে শুক্রবার ভোরে গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

পরে আব্দুল লতিফ নিজে ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন বলে ওসি সাকিউল আযম জানান।

মামলায় বলা হয়, বৃহস্পতিবার সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। শুক্রবার ভোরে ‘পূর্বশক্রতার জেরে’ গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি সাকিউল আযম জানান।