২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বড়াইগ্রামে ৩০ ভরি ওজনের স্বর্ণের বারসহ বাসযাত্রী আটক

আব্দুল হালিম নামের এক বাসযাত্রীর প্যান্টের পকেট থেকে ওই স্বর্ণের বার উদ্ধার করা হয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 09:07 PM

Updated : 24 Oct 2022, 09:07 PM

নাটোরের বড়াইগ্রামে একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০ ভরি ওজনের একটি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কের বড়াইগ্রামের মানিকপুর এলাকায় ন্যাশনাল ট্রাভেলস্-এর যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

আটক বাসযাত্রী আব্দুল হালিম (৪০) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারপ্রামের আব্দুল লতিফের ছেলে।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, “বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসে তল্লাশি চালিয়ে বাসযাত্রী আব্দুল হালিমের প্যান্টের পকেট থেকে ওই সোনার বার পাওয়া যায়।”

ওই সোনার বারের আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা; এ ঘটনায় মামলা করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।