১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে খালুর বিরুদ্ধে মামলা

বুধবার সকালে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায় ওই প্রতিবন্ধী নারী। কিন্তু পরিবারের সদস্যরা বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2025, 06:27 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

বগুড়ার শাজাহানপুরে এক প্রতিবন্ধী নারীকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগে তার খালুর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে শাজাহানপুর উপজেলায় এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে নারীর মা বাদী হয়ে মামলাটি করেছেন জানিয়েছেন শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম। 

আসামি ৩৫ বছরের হাসান আলী মামলার পর থেকেই পলাতক। 

মামলার বরাত দিয়ে ওসি ওয়াদুদ আলম বলেন, ২৮ বছর বয়সী শারিরীক প্রতিবন্ধী ওই নারী ছোটবেলা থেকেই তার খালার সঙ্গে থাকতেন। মঙ্গলবার রাতে তিনি খালা-খালুর ঘরে পৃথক বিছানায় ঘুমাচ্ছিলেন। 

“রাতে ঘুমন্ত নারীর বিছানায় গিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় হাসান। এ সময় ওই নারী চিৎকার করলে মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন হাসান আলী।”

পরদিন বুধবার সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই প্রতিবন্ধী নারী। কিন্তু পরিবারের সদস্যরা বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করেন।  

পরে বৃহস্পতিবার সকালে ওই প্রতিবন্ধী নারীর মা থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করে। 

ওসি আরও বলেন, এ ঘটনায় শাজাহানপুর থানায় ধর্ষণ মামলা করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।