Published : 10 Apr 2026, 03:45 PM
রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে যাত্রীর ইটের আঘাতে এক ভ্যানচালক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকার পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহনপুর থানার এসআই মোদাস্সের হোসেন খাঁন।
নিহত আলম আলী (৪৪) উপজেলার বেলগাছি গ্রামের মো. আশরাফের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
গণপিটুনির শিকার মজিবর রহমানকে (৫৫) মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মজিবর একটি চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে চালক কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মজিবর ইট দিয়ে আলমের মাথার পেছনে একাধিক আঘাত করেন।
এতে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পর এলাকাবাসী মজিবরকে স্থানীয় ‘পাঠক ক্লাবে’ আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ মজিবরকে নিতে গেলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।
এসআই মোদাস্সের হোসেন খাঁন বলেন, গণপিটুনির হাত থেকে মজিবরকে রক্ষা করতে গিয়ে এএসআই বেলাল উদ্দিনসহ দুই পুলিশ সদস্য সামান্য আহত হন। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মজিবরকে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।