১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জামায়াত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দেশ অশান্ত করতে চায়: রাশেদ খাঁন

রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পারছেন প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খাঁন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 09:51 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

জামায়াত আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে দেশকে অশান্ত করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর সহকারী মো. রাশেদ খাঁন।

তিনি বলেন, “জামায়াত আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে দেশকে অশান্ত করার চক্রান্ত করছে। তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য শত্রুর সঙ্গেও হাত মেলাতে পারে।”

শুক্রবার ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার সিদ্দিকীয়া মাদ্রাসায় জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, “আমার সন্দেহ হয়, জামায়াত ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করছে কিনা।”

জামায়াতের ব্যাপারে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, দেশকে অশান্ত করার জন্য জামায়াত একটি লংমার্চ শেষ করে আরেকটি লংমার্চের প্রস্তুতি নিচ্ছে।

সংসদ সদস্য রুমিন ফারহানার সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, “আমি রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পারছি।”

এ সময় কর্নেল অলি আহমেদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এক বছর আগে তিনি জামায়াতের সমালোচনা করেছিলেন। এক বছর পর জামায়াতের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছিলেন।