নেত্রকোণায় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, সরকারি চাল জব্দের ঘটনায় থানায় মামলা করার জন্যে নির্দেশনা দেয়া হয়েছে।
নেত্রকোণায় মদনে ১০০ বস্তা সরকারি চালসহ দুইটি ট্রলি জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে দুই চালককে।
শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ করা হয় বলে জানান মদন থানার ওসি সালাহউদ্দীন করিম।
আটকেরা হচ্ছেন, উপজেলার দেওসহিলা গ্রামের আবু কালামের ছেলে মামুন মিয়া (২৮) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে আকার উল্লাহ (২৪)।
ওসি সালাহউদ্দীন বলেন, উপজেলার ফতেপুর গ্রামের দিক থেকে বস্তায় করে সরকারি চাল বোঝাই দুইটি ট্রলি মদন উপজেলা সদরের দিকে আসছে এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে চালায়।
পরে সড়কের রুদ্রশ্রী এলাকায় ট্রলি দুইটি আটক করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ট্রলিগুলোয় থাকা ১০০ বস্তার মত সরকারি চাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। বস্তায় কী পরিমাণ চাল রয়েছে তা সঠিকভাবে পরিমাপ নির্ণয় করা হচ্ছে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাদির হোসেন শামীম বলেন, সরকারি চাল জব্দের ঘটনায় থানায় মামলা করার জন্যে নির্দেশনা দেয়া হয়েছে।
