Published : 12 Feb 2026, 03:50 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিলেটের চা বাগানগুলোতে ভোটার উপস্থিতি বেড়েছে। চা শ্রমিকদের অধিকাংশই পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে এসেছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনের দলদলি চা বাগান কেন্দ্র ঘুরে দেখা যায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন শ্রমিকরা। যাদের মধ্যে নারী শ্রমিকদের অংশগ্রহণ তুলনামূলক বেশি।
দুই বছরের শিশুকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছেন এসেছেন চা শ্রমিক সুমনা নায়েক (২৩)। তিনি বলেন, “আগেও একবার ভোট দিয়েছি। এবারও ভোট দিয়ে ভালো লাগছে। আমাদের বাগানের সবাই এসেছে।”
দলদলি চা বাগানের বাসিন্দা ও এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুরণ সোহাগও ভোট দিতে এসেছেন বাবা-মায়ের সঙ্গে।

ভোট দিয়ে তিনি বলেন, “এবার প্রথম ভোট দিলাম, ভালো লাগছে। আমাদের বাসার তিনজনই কেন্দ্রে এসেছি। জীবনের প্রথম ভোটেই দুটি ব্যালটে ভোট দিয়েছি।”
শ্রমিক সুবল দাস বলেন, “লাইনে দাঁড়িয়ে শান্তিতেই ভোট দিয়েছি। দুটি কাগজ দিয়েছে, দুটিতেই ভোট দিয়েছি। বাগানের প্রায় সবাই ভোট দিচ্ছে।”
আরেক নারী শ্রমিক ইচ্ছা দাস বলেন, “কোনো ঝামেলা ছাড়াই দুটি ভোট দিয়েছি।”
দলদলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মেঘনা চক্রবর্তী জানান, এ কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ২০৯ জন। দুটি বুথে দুপুর ১২টা পর্যন্ত ৪৬০টি ভোট পড়েছে।
তিনি বলেন, “ভোটার উপস্থিতি ভালো।”

এদিকে সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম সাংবাদিকদের বলেন, “সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। কোথাও ১০, কোথাও ১২ বা ১৫, আবার কোনো কোনো কেন্দ্রে ১৭ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে।”
তিনি বলেন, “সিলেট অঞ্চলে ভোটাররা সাধারণত সকালে কিছুটা দেরিতে কেন্দ্রে আসেন। সেই বিবেচনায় বর্তমান উপস্থিতি মোটামুটি সন্তোষজনক।”