Published : 22 Apr 2026, 12:10 PM
কুমিল্লার নাঙ্গলকোটে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
নাঙ্গলকোট থানার এসআই শুভ রুদ্র বাদী হয়ে অবৈধ মজুদদারির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন বলে ওই থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন।
এর আগে দুপুরে জোড্ডা পূর্ব ইউনিয়নের হাসানপুর বাজারে ‘মেসার্স জলিল এন্টারপ্রাইজ’ নামের ওই প্রতিষ্ঠানে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
মিল্টন চাকমা বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেসার্স জলিল এন্টারপ্রাইজে তল্লাশি চালানো হয়। এ সময় বেশ কয়েকটি বড় বড় ড্রামে থাকা প্রায় সাড়ে ৫ হাজার লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিন জব্দ করা হয়।

“প্রতিষ্ঠানের মালিক আবদুল জলিল এসব তেল বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে অবৈধভাবে মজুদ করেছেন। এছাড়া তার দোকানে জ্বালানি তেল বিক্রির কোনো লাইসেন্সও ছিল না।”
তিনি বলেন, “বিপুল পরিমাণে অবৈধ মজুদ জব্দ হওয়ায় আমরা থানা পুলিশকে নিয়মিত মামলা দায়ের করে জব্দ জ্বালানি মামলার আলামত হিসেবে দেখাতে বলেছি।”
ওসি আরিফুর রহমান বলেন, আবদুল জলিলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।