Published : 20 Aug 2026, 11:29 PM
ঝিনাইদহ শহরে ছুরিকাঘাতে এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় শহরের মহিলা কলেজপাড়ায় এ ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান।
নিহত কাউসার (২১) ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তিনি হরিনাকুন্ডু উপজেলার চটকাবাড়ে গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
পুলিশ জানায়, পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী একসঙ্গে মেসে থাকেন। সন্ধ্যার পর তাদের মধ্যে বাজার করা ও খাবার-দাবার নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে লিখন নামে এক শিক্ষার্থী কাউসারকে বুকে-পিঠে ও ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
চিৎকার শুনে আশপাশের লোকজন এসে কাউসারকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আসাদুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।