ইবি ছাত্রীর পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য, শিক্ষকের শাস্তি দাবি
এ ঘটনায় জড়িত শিক্ষককে বরখাস্তসহ পাঁচ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে জড়িত শিক্ষকের শাস্তির দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপিটি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহর হাতে তুলে দেওয়া হয়।
এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক অধ্যাপক নাসিরউদ্দিন মিঝির বরখাস্তসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
আপত্তিকর মন্তব্যের ঘটনায় শিক্ষক নাসিরউদ্দিন মিঝি সামাজিক যোগাযোগমাধ্যমে নিঃশর্ত ক্ষমা চেয়ে পোস্ট করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপদ অবস্থান ও নিরাপত্তা নিয়ে ইবি প্রশাসনের দায়সারা মনোভাব এবং সংঘটিত অপরাধ নির্মূলে যথাযথ বিচারিক প্রক্রিয়ায় অনিশ্চয়তা শিক্ষার্থীদের মধ্যে গভীর শঙ্কা, ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।
এই ক্যাম্পাসে আগেও নারী শিক্ষার্থীদের হেনস্তার মতো অসংখ্য চাঞ্চল্যকর ঘটনা ঘটলেও তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা নেয়নি ইবি প্রশাসন। ফলে হত্যাকাণ্ডের শিকার ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে ‘কোথাকার কোন মৃত পোলা, যাই হোক সে তো চইলাই গেছে’ বলে হেয় প্রতিপন্ন করার সাহস পান শিক্ষক নাসিরউদ্দিন মিঝি। শুধু তাই নয় তিনি নারী শিক্ষার্থীদের পোশাক নিয়েও অপত্তিকর বক্তব্য করেছেন।
শিক্ষকের এমন বক্তব্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নৈতিক অধঃপতন এবং বিচারবোধহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করেন শিক্ষার্থীরা।
দাবিগুলো হলো-
১. সাজিদ আব্দুল্লাহ হত্যার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
২. সাজিদকে হেয় প্রতিপন্ন এবং নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে ‘কটূক্তি’ করা অধ্যাপক নাসিরউদ্দিন মিঝিকে ন্যক্কারজনক ও যৌন হয়রানিমূলক বক্তব্য দেওয়ার অপরাধে বহিষ্কার করতে হবে।
৩. সাজিদ হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি হুমকি-ধমকি প্রদানকারীদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য প্রতিবাদ ও আন্দোলনে বাধা প্রদানকারীদের উদ্দেশ্য ও প্রবৃত্তি যাচাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।
৫. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার ও আন্দোলনের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখা এবং কোনো আন্দোলনকারীর অ্যাকাডেমিক ফলাফলের ওপর যেন বিরূপ প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতে হবে।
উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “কোনো শিক্ষক যদি এভাবে কাউকে অপমান করে, তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের কথা বলার অধিকার আছে, কিন্তু কাউকে গালি দেওয়ার অধিকার নেই।
“এ ধরনের বক্তব্য যেন কোনো শিক্ষক ভবিষ্যতে আর না দেন সেই ব্যবস্থা করব। যতদূর জানি, তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।”
‘কটূক্তির’ ঘটনায় অধ্যাপক নাসিরউদ্দিন মিঝি বলেন, “আমি আমার এক ছাত্রের সঙ্গে কথা বলতে গিয়ে অসাবধানতাবশত কিছু শব্দ চয়নে ভুল হয়েছে, বলে আমি মনে করি। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”
এর আগে মঙ্গলবার মধ্যরাতে নাসিরউদ্দিন মিঝির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়ায়। এতে ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তবে অডিওটি ভাইরালের পর বুধবার সকালে ফেইসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চান ওই শিক্ষক।
