Published : 23 Mar 2026, 02:51 PM
মাদারীপুরের কালকিনি উপজেলায় ধানক্ষেত থেকে এক পাট ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত ১৩ মার্চ থেকে নিখোঁজ রুহুল আমিন ঘরামীর লাশ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উদ্ধারের খবর জানান কালকিনি থানার ওসি রুহুল আমিন।
কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জায়গীর এলাকার বাসিন্দা ৪৫ বছর বয়সী রুহুল আমিন এলাকায় পাটের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, সকালে এক কৃষক তার ধানক্ষেত পরিচর্যা করতে গিয়ে রুহুলের মরদেহ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক তার পরিবারের সদস্যদের খবর দেন।
পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিবারের বরাতে ওসি রুহুল আমিন বলেন, “রুহুল আমিন দশ দিন আগে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।”
তিনি বলেন, নিহতের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।