১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে হত্যা মামলায় ছাত্রশক্তির নেতা গ্রেপ্তার

মামলার এজাহার অনুযায়ী, সরকারি রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 09:03 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে জাহিদুল ইসলাম জিন্নাত হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার মামলার তদন্ত কর্মকর্তা রাজারহাট থানার এসআই আতিকুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে র‍্যাব-১৩ আসামি লিয়াকত হোসেন লিমনকে (২৪) গ্রেপ্তার করে। পরে রোববার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লিয়াকত হোসেন লিমন জাতীয় নাগরিক পার্টির-এনসিপি সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির মীর ইসমাইল হোসেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, এ হত্যা মামলায় ২৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামিসহ এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার এজাহার অনুযায়ী, রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে সরকারি রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।

১৪ জুলাই জাহিদুল ইসলাম জিন্নাত নিজের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় লিমন বল্লম দিয়ে তার বুকে আঘাত করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। 

পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে জিন্নাত মারা যান। 

এ ঘটনায় নিহতের বড় ভাই জয়নাল আবেদীন রাজারহাট থানায় ২৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

নিহতের ছেলে মো. সাকিব বলেন, “আমার বাবাকে হত্যা করা হয়েছে। মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”