১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ‘স্পিরিট’ পানে দুজনের মৃত্যু

পুলিশ পরিদর্শক বারিক বলেন, ঘটনার পর থেকে হোমিও ঔষধ ব্যবসায়ী বাবু ডাক্তার পলাতক রয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 01:31 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় হোমিও ঔষধের দোকান থেকে কেনা ‘স্পিরিট’ পান করে দুইজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন আরেকজন। 

এর মধ্যে বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক। 

নিহতরা হলেন, উপজেলার দৌলতপুর বাশঁতলা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে কসাই আবুল কালাম (৪৫) ও দৌলতপুর মতি মার্কেট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ভ্যান চালক শাহ আলম (৪৩)। 

অসুস্থ অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিকেলে ভর্তি আছেন দৌলতপুর দক্ষিণপাড়ার সোহবার আলীর ছেলে ও দৌলতপুর ইউনিয়ন পোস্ট অফিসের পোস্ট মাস্টার আবু হানিফ (৩৫)।

পরিদর্শক আব্দুল বারিক বলেন, মঙ্গলবার রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারের বাবু ডাক্তারের হোমিও ঔষধের দোকান থেকে নেশা জাতীয় স্পিরিট কিনে পান করেন কয়েকজন। 

এরপর তারা অসুস্থ হয়ে পড়লে তিনজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় আবুল কালামের মৃত্যু হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় মনসুর আলী মেডিকেলে নেওয়ার পথে শাহ আলমের মৃত্যু হয়। 

বারিক আরও বলেন, ঘটনার পর থেকে হোমিও ঔষধ ব্যবসায়ী বাবু ডাক্তার পলাতক রয়েছেন। 

নিহতদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।