১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুপারিশকৃতদের না নেওয়ায় বিএমডিএ কার্যালয়ে বিএনপির কর্মীদের ভাঙচুর

“অকারণেই বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে তালা দিয়ে আমাদের প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। অকথ্য ভাষায় গালাগালিও করা হয়।”

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2025, 08:55 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএর গভীর নলকূপের অপারেটর নিয়োগে সুপারিশ করা দলীয় সব নেতাকর্মীদের নাম না আসায় রাজশাহীর তানোর বিএমডিএ কার্যালয় ভাঙচুর করে তালা দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

বুধবার দুপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটে বলে বিএমডিএর তানোর কার্যালয়ের সহকারী প্রকৌশলী জামিলুর রহমান জানান।

তিনি বলেন, “উচ্চপর্যায়ের কমিটি নিয়োগ প্রক্রিয়া শেষ করেছে। এখানে আমাদের কোন হাত নেই। অকারণেই বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে তালা দিয়ে আমাদের প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। আমাদের অকথ্য ভাষায় গালাগালিও করা হয়। সন্ধ্যায় সেনাবাহিনীর সদস্যরা এসে আমাদের উদ্ধার করে।”

তানোর উপজেলা বিএনপির তিন নেতার নেতৃত্বে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এদিন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বিএমডিএর তানোর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। পরে বাইরে থেকে প্রধান ফটকে তালা মেরে চাবি নিজের কাছে রেখে দেন।

ফলে সেদিন বিএমডিএর তানোর কার্যালয়ে কেউ ঢুকতে পারেননি। আবার যারা ভেতরে ছিলেন, তারাও আটকা পড়েন। পরে বিএনপির বলেন, তাদের অনুমতি ছাড়া তানোরের বাতাসও নড়াচড়া করতে পারবে না। অনুমতি ছাড়া কোনও সরকারি কর্মকর্তা কাজ করতে পারবেন না।

বিএমডিএর তানোর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, গোদাগাড়ীতে ৪৫০ ও তানোরে ৫৩৬টি গভীর নলকূপ আছে। সম্প্রতি এসব গভীর নলকূপের আগের অপারেটরদের নিয়োগ বাতিল করা হয়। এরপর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। শুধু মৌখিক পরীক্ষার পরই অপারেটর নিয়োগ দেওয়া হয়ে থাকে। সদর দপ্তরের একটি উচ্চপর্যায়ের কমিটি প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে। এরপর ৩১ ডিসেম্বর নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয় বিএমডিএর সদর দপ্তর থেকে।

ফল প্রকাশের পর দেখা গেছে, তানোরের বিএনপি নেতাদের সুপারিশকৃত আবেদনকারীদের অনেকে বাদ পড়েছেন। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন দুই উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বাদ পড়া বিএনপি নেতাকর্মীরা বুধবার দুপুরে বিক্ষোভ মিছিলসহ বিএমডিএর কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।  

বিক্ষোভে নেতৃত্ব দেন তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক পৌর মেয়র মিজানুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চান্দ্রুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন।

বিএমডিএর কার্যালয়ে তালা লাগানোর পর মফিজ উদ্দিন বলেন, “১৫ বছর অনেক নির্যাতিত হয়েছি। আর হতে চাই না। আমরা চাই তানোরে বিএনপির কথার বাইরে বাতাসও নড়বে না। টিএনও অফিস, কৃষি আর বরেন্দ্র অফিস-এখন থেকে চলবে বিএনপির নেতৃত্বে।”

“আর আগামীতে আমাদের ব্যারিষ্টার আমিনুল হকের সহদর ছোট ভাই (মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীন) ওনার পরামর্শে এই তানোর উপজেলার প্রশাসন চলবে। কোন কর্মকর্তা যদি টাল বাহানা করে তাকে ভাবতে হবে; তার অবস্থা কিন্তু এই আওয়ামী লীগের মত হবে।”

এরপর বৃহস্পতিবার একই দাবিতে বিএনপির ব্যানারে বিএমডিএর গোদাগাড়ী জোন-১ এর কার্যালয় ঘেরাও করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা গভীর নলকূপের অপারেটর পদে নিয়োগ স্থগিত করতে রোববার পর্যন্ত তিনদিনের আল্টিমেটাম দেয়।

এ সময় গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা বলেন, “হাসিনার দুঃশাসন আমরা সহ্য করেছি। এখন আমরা আল্লাহর রহমতে সুদিন পেয়েছি। কিন্তু হাসিনার দোসরেরা বিএনপির নেতাকর্মীদের মূল্যায়ন না করে তার কার্যক্রম বাস্তবায়ন করছে। আগামী রোববারের মধ্যে যদি বিএমডিএ এই নিয়োগ স্থগিত না করা হয়, তাহলে আমরা বৃহৎ কর্মসূচি দেব।”

গোদাগাড়ী বিএমডিএর সহকারী প্রকৌশলী আবদুল লতিফ বলেন, “উচ্চপর্যায়ের একটা কমিটি ভাইভা গ্রহণ করেছে। তারা যোগ্যদের নির্বাচিত করেছেন। এখন যে ঝামেলা হচ্ছে সেটা ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

আওয়ামী সরকারের পতনের পর বিএমডিএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের ভাই মো. আসাদ উজ জামান। তার আরেক ভাই প্রয়াত ব্যরিস্টার আমিনুল হক বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। কয়েক মেয়াদে ছিলেন বিএনপির এমপি ও মন্ত্রী। তাদের বাড়ি গোদাগাড়ীতে।

এ বিষয়ে বিএনপির নেতাদের মন্তব্য জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।