Published : 18 Jan 2026, 04:08 PM
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় জলাশয়ে পড়ে যাওয়া একটি হাতিকে উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধার শেষে হাতিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার শিববাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী।
শিহাব সারার বলেন, “কিভাবে হাতিটি জলাশয়ে পড়েছিল সেটি এখনও জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হাতিটা জলাশয়ে পড়েছে। রেল লাইনের পাশেই ঘটনাটি ঘটেছে।
“ হাতিকে উদ্ধার করতে প্রশাসন, বনবিভাগ, প্রাণী সম্পদ বিভাগ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের টিম কাজ করেছে। হাতিটিকে জলাশয় থেকে উদ্ধারের পর চিকিৎসা দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “হাতিটির মালিক দাবি করে দুই জন যোগাযোগ করেছেন, এই ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে জানাতে হবে।’’
উদ্ধার অভিযানে থাকা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাতিটার পা হয়ত ভেঙে গেছে। কারণ সে দাঁড়াতে পারছে না। হাতিটার কোমরের জোড়া বা হাড্ডি ভাঙতে পারে।

সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান মিয়া বলেন, “হাতিটাকে উদ্ধার করার পর চিকিৎসা চলছে। আমাদের টিম কাজ করছে, হাতিটা মাটিতে পড়ে আছে, তবে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না।’’
তিনি বলেন, “ট্রেনের ধাক্কায় পড়েছে নাকি ভয় পেয়ে পড়েছে সেটি বোঝা যাচ্ছে না। কারণ হাতিটার মালিক পালিয়েছে।
তবে হাতির চিকিৎসায় যুক্ত থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ বলেন, "আঘাতের ধরণ দেখে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, ট্রেনের ধাক্কায়ই হাতিটি খাদে পড়ে যায়। রেললাইনের পাশে থাকা গাছ ভাঙা থেকেও মনে হচ্ছে হাতিটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার কারণেই জলাশয়ে পড়েছিল।"
তিনি আরও বলেন, " জলাশয় থেকে তোলার পর হাতিটি একেবারে নিস্তেজ ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখন নড়াছড়া করছে।
“তবে আমার এক ঘণ্টার পর্যবেক্ষণ বলেছে চিকিৎসায় তেমন সাড়া মিলছে না। হাতিটির মেরুদণ্ড ক্ষতিগ্রস্থ হয়েছে। এত বড় প্রাণীর সার্জারি করাও সম্ভব না।"