৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

রংপুরে বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নগদ এক লাখ টাকা ও প্রতিদিন ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে এজাহারে।

রংপুরে বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র পদ থেকে অব্যাহতি পাওয়া নাহিদ হাসান।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2025, 12:10 AM

Updated : 10 Sep 2026, 12:35 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র পদ থেকে অব্যাহতি পাওয়া নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।

মামলা তদন্তের দায়িত্ব পাওয়া গঙ্গাচড়া মডেল থানার এসআই দুলাল চন্দ্র অধিকারী বলেন, গ্রিন সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভুঁইয়া গত শুক্রবার এ মামলা করেন।

মামলায় নাহিদ হাসান খন্দকারের পাশাপাশি ‘অজ্ঞাত’ ৮-১০ জনকে আসামি করা হয়েছে। নগদ এক লাখ টাকা ও প্রতিদিন ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে এজাহারে।

আতিকুল ইসলাম ভুঁইয়া বলেন, পার্কের নির্মাণ কাজে পুকুর থেকে বালু তোলার প্রয়োজন পড়ে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ হাসান চাঁদা দাবি করে আসছিলেন। 

চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মূলত এ নিয়ে সমালোচনা শুরু হয়।

চাঁদাবাজির মামলার পরের দিন রাতে নাহিদ হাসান খন্দকারকে তার মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 

অব্যাহতির বিষয়টি জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তির বিষয়ে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি ও সদস্য সচিব রহমত আলীকে ফোন করা হলেও সাড়া মেলেনি। 

ফোন ধরেননি নাহিদ হাসানও।