Published : 07 Aug 2025, 05:48 PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির কার্যালয়ে ‘আওয়ামী লীগের কর্মীদের’ নিয়ে একটি পক্ষ প্রবেশের প্রতিবাদ হিসেবে দুধ দিয়ে কার্যালয় পরিষ্কার করেছে অপরপক্ষ।
বুধবার রাতে দুধ দিয়ে পার্টি কার্যালয় পরিষ্কারের পর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
এতে নেতৃত্ব দেওয়ার কথা নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন।

ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা জানান, ৫ অগাস্ট ছিল ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। এদিন বিএনপির বিজয় মিছিল ছিল। তবে সেই মিছিলে বিএনপির একটি পক্ষ আওয়ামী লীগের ‘দোসরদের’ নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে। তারা গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর অনুসারী।
এতে গণঅভ্যুত্থানকে অপমান করার পাশাপাশি দলীয় ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে দাবি বিএনপি নেতাকর্মীদের। এর প্রতিবাদস্বরূপ এক মণ দুধ দিয়ে উপজেলা বিএনপির কার্যালয় ধুয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে পার্টি অফিস ‘কলঙ্কমুক্ত’ হল। পাশাপাশি ভবিষ্যতে ফ্যাসিবাদের দোসরদের নিয়ে যাতে আর কেউ পার্টি অফিসে প্রবেশের সাহস না দেখায়।
দুধ দিয়ে বিএনপি কার্যালয় পরিষ্কার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী বক্তব্য দিচ্ছেন এবং বেশ কয়েকজন বালতিতে করে দুধ নিয়ে পার্টি কার্যালয় পরিষ্কার করছেন।

ছাত্রদল নেতা তুহিন বলেন, “গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ অগাস্ট আমাদের একটি শোভাযাত্রা ও মিছিল ছিল। একটি পক্ষ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের নিয়ে পার্টি অফিসে প্রবেশ করেন।
“এতে আমাদের পার্টি অফিস কলঙ্কিত হয়েছিল। তাই পরে আমরা এক মণ দুধ দিয়ে পার্টি অফিস ধুয়ে ফেলি।”
এ ব্যাপারে গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “কিছু ছেলেপেলে পার্টি কার্যালয় দুধ দিয়ে ধুয়ে দিচ্ছে, এমন ভিডিও দেখেছি। ওরা কে কী করল সেগুলো দেখার বিষয় নয়। যাদের নিয়ে নতুন কমিটি করছি সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।”