Published : 13 Sep 2026, 03:57 PM
সাতক্ষীরা আদালতে বিচারক, জনবল ও অবকাঠামোগত সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার সকালে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা এখানকার বিচার বিভাগের স্থানীয় সমস্যাগুলো শুনেছি। এসব সমস্যা সমাধানের পথ কী এবং এ থেকে উত্তরণের উপায় কী, সে বিষয়ে সুপারিশ শুনেছি। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য কী সিদ্ধান্ত নেওয়া যায়, তা আমরা ঠিক করব।”
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।
মতবিনিময় সভায় আইনমন্ত্রী সীমান্ত জেলা সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “মাদক নির্মূলে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এ জন্য দ্রুত বিচার নিষ্পত্তিতে সামারি ট্রায়ালের ব্যবস্থা করতে হবে।”
বিচারপ্রার্থীদের দ্রুত বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে মামলা নিষ্পত্তির হার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন আইনমন্ত্রী। তিনি বিচারকদের কর্মঘণ্টার সর্বোচ্চ ব্যবহার করে দ্রুত মামলা নিষ্পত্তির আহ্বান জানান।
তিনি আরো বলেন, “লিগ্যাল এইডকে জনবান্ধব করতে হবে। মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে মামলা জট কমাতে হবে।”
স্থানীয় বিচারকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, “বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হবে। প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে। সাতক্ষীরায় নতুন যে ২৩টি আদালত সৃষ্টি করা হয়েছে, অতি দ্রুত সেখানে বিচারক ও স্টাফ নিয়োগ দেওয়া হবে।”
পরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত হয়ে জেলার সার্বিক সমস্যা তুলে ধরেন।
বিকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে আরও একটি দলীয় সভায় মন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।