মাগুরায় ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ভোরে বিদ্যুতের খুঁটির পাশে চুরির সরঞ্জামসহ ফিরোজকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
মাগুরা সদর উপজেলায় বিদ্যুতের খুঁটির পাশে পড়ে থাকা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতের কোনো এক সময় চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার এসআই আতাউল গনি।
নিহত ফিরোজ বিশ্বাস চাঁদপুর গ্রামের ইসারত বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, রাতের বেলায় একদল চোর রাস্তার পাশের পল্লী বিদ্যুতের খুঁটিতে থাকা ট্রান্সফরমার চুরি করতে আসে। পরে শনিবার ভোরে বিদ্যুতের খুঁটির পাশে চুরির সরঞ্জামসহ ফিরোজকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
পরে তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এসআই আতাউল গনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাসের মৃত্যু হয়েছে। সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
