Published : 12 Jan 2026, 04:41 PM
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শ্রমিকবাহী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার সোতাশী রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে কালুখালী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার ছেলে মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম। তারা জনতা জুট মিলের শ্রমিক ছিলেন।
আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, কালুখালী উপজেলা থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন সোতাশী ধলা হুজুরের বাড়ির কাছে রেলগেট পার হওয়ার সময় জনতা জুট মিলের শ্রমিকবাহী পিকআপকে ধাক্কা দেয়। পিকআপটি দুমড়েমুচড়ে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান এবং বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।