১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে শাহরাস্তিতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

বিএনপি নেতাদের নিয়ে বক্তব্যের জেরে দলের কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 12:22 AM

Updated : 26 Aug 2026, 02:22 PM

বিএনপি ও জাতীয় নেতাদের নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

শনিবার বিকালে শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে একটি মিছিল বের করে এনসিপির নাসীরুদ্দীনের বিরুদ্ধে স্লোগান দেয়। 

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা এনসিপির এই নেতাকে অবাঞ্ছিত ঘোষণা ও তার কুশপুত্তলিকা দাহ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়ি শাহরাস্তি উপজেলায়।

বিক্ষোভে অংশ নেওয়া বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বলেন, আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘সর্বাত্মক প্রতিরোধ’ করা হবে। 

সমাবেশে যুবদল ও স্বচ্ছাসেবক দলের কয়েকজন নেতা অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দিয়ে যাচ্ছেন। একটি দলের শীর্ষ নেতাদের নিয়ে এ ধরনের বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

যুবদল নেতা মহিউদ্দিন বাহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা মাসুদ কবির, শ্রমিক দল নেতা মানিক হোসেন, ছাত্রদল নেতা মহিন উদ্দিন জিয়া, ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান কিরণ।